৪ দিনেই ফিরছে স্বস্তি! বিপত্তি কাটিয়ে সমুদ্রপথে আসছে ৫টি এলপিজি জাহাজ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার মাঝেও ভারতের জন্য এল স্বস্তির খবর। হরমজ প্রণালীর বাধা কাটিয়ে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে ভারতের বন্দরে নোঙর করতে চলেছে রান্নার গ্যাসের ৫টি বিশাল জাহাজ। বুধবার সংসদে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, দেশে এলপিজি সংকটের কোনো আশঙ্কা নেই এবং জ্বালানি নিরাপত্তা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি বিরোধী দলগুলোকে আশ্বস্ত করেন যে, ঘরোয়া এবং বাণিজ্যিক এলপিজির জোগান স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জানানো হয়েছে, ইতিমধ্যেই ৯২,৬০০ টনের বেশি গ্যাস নিয়ে দুটি জাহাজ ভারতের পথে রয়েছে, যা ২৬ থেকে ২৮ মার্চের মধ্যে পৌঁছে যাবে।
পেট্রোলিয়াম মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৩৩ কোটি পরিবারের জন্য ঘরোয়া এলপিজি সিলিন্ডারের ডেলিভারি চক্র ২.৫ দিনেই সীমাবদ্ধ রাখা হয়েছে। বাণিজ্যিক গ্যাসের জোগানও আগের তুলনায় ৫০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, কালোবাজারি রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত হয়ে ‘প্যানিক বুকিং’ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে হরমজ প্রণালীর বিকল্প রুট ব্যবহার করে ৭০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করা হচ্ছে, যা ভারতের জ্বালানি নিরাপত্তাকে আরও মজবুত করেছে।
আপনার এলাকায় গ্যাসের কোনো সমস্যা থাকলে বা বাড়তি দাম চাওয়া হলে সরাসরি ইন্ডিয়ান অয়েল অথবা বিপিসিএল হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে প্রশাসন। সরকারের এই পদক্ষেপে বাজার থেকে এলপিজি সংকটের মেঘ কাটতে শুরু করেছে।

