লেটেস্ট নিউজ

৪ মে-র পর তৈরি হবে ‘নতুন বাংলা’, স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে রাজ্যকে তীব্র আক্রমণ শমীকের – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার আগে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, তৃণমূল জমানায় দুর্নীতি, তোষণ ও অনুপ্রবেশ চরমে পৌঁছেছে। বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ পরিবর্তনের অপেক্ষায় দিন গুনছেন। শমীক আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আগামী ৪ মে-র পর রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটবে এবং এক নতুন বাংলার সূচনা হবে।

রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা নিয়েও কড়া সমালোচনা করেন বিজেপি সভাপতি। তাঁর অভিযোগ, জেলা হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধ ও নূন্যতম পরিষেবা নেই, যার ফলে রোগীরা ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন। পাশাপাশি, রাজ্যে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাওয়া এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধিকে সরকারের চরম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন তিনি। আরজি কর হাসপাতালের লিফট দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি পরিকাঠামোগত অব্যবস্থার দিকেও আঙুল তোলেন।

শিল্পের বেহাল দশা এবং বেকারত্ব নিয়ে সরব হয়ে শমীক বলেন, এক সময়ের শিল্পোন্নত বাংলা এখন অনেক পিছিয়ে পড়েছে। কর্মসংস্থানের অভাবে মানুষ ভাতা পেলেও কাজের সন্ধানে বাইরে যেতে বাধ্য হচ্ছেন। তৃণমূল সরকারের আয়ু ফুরিয়ে এসেছে দাবি করে তিনি জানান, সাধারণ মানুষ এখন এই সরকারের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তুলছেন। জনমানসে বাড়তে থাকা এই ক্ষোভই আসন্ন নির্বাচনে শাসক দলের পতনের পথ প্রশস্ত করবে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *