৫টি বুলেট শরীরে নিয়েও ২৫ কিমি গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছালেন গুলিবিদ্ধ যুবক

৫টি বুলেট শরীরে নিয়েও ২৫ কিমি গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছালেন গুলিবিদ্ধ যুবক

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৫৮ নম্বর জাতীয় সড়কে এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল পুলিশ ও সাধারণ মানুষ। শরীরে পাঁচটি গুলি বিদ্ধ হওয়া সত্ত্বেও অদম্য মনের জোরে নিজের গাড়ি চালিয়েই ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছালেন ৩৫ বছর বয়সী রাহুল চৌধুরী। শুক্রবার রাত সাড় ন’টা নাগাদ মোদীনগর এলাকার সিক্রিনগরের একটি ধাবার সামনে এই চাঞ্চল্যকর হামলার ঘটনাটি ঘটে। বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, রাহুল তাঁর স্করপিও গাড়িটি ধাবার সামনে দাঁড় করালে বাইকে করে আসা তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। প্রথম গুলিটি তাঁর গলায় লাগে। এরপর গাড়ি থেকে বেরিয়ে এলে দুষ্কৃতীরা অত্যন্ত কাছ থেকে তাঁর বুক, পেট, হাত ও পায়ে আরও চারটি গুলি করে। গলগল করে রক্তপাত হওয়া সত্ত্বেও দমে না গিয়ে রাহুল নিজের গাড়ি চালিয়ে দ্রুতবেগে ২৫ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছে যান। সেখানে পৌঁছানোর পর তিনি জ্ঞান হারালে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে বুলেটগুলো বের করেন।

মোদীনগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ভাস্কর ভার্মা জানিয়েছেন, মোট ৪৯টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, রাহুল হয়তো পাল্টা আক্রমণের উদ্দেশ্যেই গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি থেকে নেমেছিলেন। তদন্তে আরও উঠে এসেছে যে, রাহুলের বিরুদ্ধে আগে তোলাবাজির অভিযোগ ছিল এবং জেল থেকে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সেই কাজে লিপ্ত হন।

রাহুলের স্ত্রীর বয়ান অনুযায়ী, ঘটনার রাতে জনৈক এক ব্যক্তির কাছ থেকে ৭৫ হাজার টাকা আদায়ের উদ্দেশ্যে তাঁকে ওই ধাবায় ডেকে পাঠানো হয়েছিল। পুলিশ মনে করছে, এটি কোনো পুরনো শত্রুতা বা পেশাগত বিবাদের ফল হতে পারে। পলাতক হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। অদ্ভুত এই লড়াইয়ের খবরটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *