৫০ থেকে ৮০ লাখে কিডনি কেনাবেচা! কৃষকের এক ভিডিওতে ফাঁস আন্তর্জাতিক পাচারচক্র, গ্রেফতার ২ চিকিৎসক – এবেলা
এবেলা ডেস্কঃ
একটি ভাইরাল মোবাইল ভিডিওর সূত্র ধরে ভারত ও কম্বোডিয়া জুড়ে বিস্তৃত এক ভয়াবহ আন্তর্জাতিক কিডনি পাচারচক্রের পর্দাফাঁস করল পুলিশ। মহারাষ্ট্রের চন্দ্রপুরের এক ঋণগ্রস্ত কৃষক ৮ লক্ষ টাকার বিনিময়ে কম্বোডিয়ায় কিডনি বিক্রির কথা প্রকাশ্যে আনলে তদন্ত শুরু হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তামিলনাড়ু ও দিল্লির দুই বিশেষজ্ঞ চিকিৎসককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
তদন্তে জানা গেছে, দরিদ্র মানুষদের অর্থের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলত এই চক্র। গ্রাহকদের কাছ থেকে প্রতিটি কিডনির বিনিময়ে ৫০ থেকে ৮০ লক্ষ টাকা নেওয়া হলেও দাতাদের সামান্য অর্থ দেওয়া হতো। পুলিশ সুপার সুধর্ষণ মুম্মাকা জানান, সোশ্যাল মিডিয়া ও দালালদের মাধ্যমে পরিচালিত এই নেটওয়ার্কটি বিভিন্ন রাজ্যের বেসরকারি হাসপাতালে বেআইনি অস্ত্রোপচার চালাত।

