৫ বছরে লবডঙ্কা উন্নয়ন বনাম জয়ের হ্যাটট্রিক, ভোটের মুখে মালদহে তৃণমূল ও বিজেপির তুলকালাম লড়াই – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদহের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। একদিকে বিদায়ী বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি, অন্যদিকে বিরোধী প্রার্থীর হারের ভবিষ্যদ্বাণী করে জয়ের আত্মবিশ্বাসে ফুটছে ঘাসফুল শিবির। উন্নয়নের ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণ— বাদ যাচ্ছে না কিছুই।
নির্বাচনী প্রচারে বেরিয়ে মালদহের বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া সরাসরি তোপ দাগলেন তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর দাবি, গত পাঁচ বছরে এলাকায় উন্নয়নের নামে কার্যত কিছুই হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার দশা। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। যদিও তৃণমূল এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।
এদিকে চাঁচলেও লড়াই জমে উঠেছে। সেখানে বিজেপি প্রার্থীর খাস তালুকে ঢুকে রীতিমতো ঝোড়ো প্রচার সারলেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। মন্দির ও মাজারে শ্রদ্ধা জানিয়ে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি তিনি সরাসরি কটাক্ষ করেন বিজেপি প্রার্থী রতন দাসকে। প্রসূনের দাবি, রোদ-বৃষ্টিতে প্রচার করে লাভ নেই, কারণ তৃণমূলের জয় নিশ্চিত। তাই বিজেপি প্রার্থীর উচিত বাড়িতে বসে বিশ্রাম নেওয়া।
পাল্টা দিতে ছাড়েননি রতন দাসও। গত লোকসভা ভোটের ফলাফল মনে করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, সব ভোট যদি তৃণমূলের পকেটেই থাকে তবে আগেরবার কেন হারতে হয়েছিল? ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ— সবার অভাব-অভিযোগ শুনে জয়ের বিষয়ে তিনিও সমান আশাবাদী। সব মিলিয়ে মালদহের মাটিতে এখন উন্নয়নের লড়াই আর কথার লড়াই সমান্তরালে চলছে।

