৫ মাস বেতনহীন রাজবংশী ভাষার শিক্ষকরা, বকেয়া আদায়ে বালুরঘাটে জেলাশাসক দপ্তরে বিশাল বিক্ষোভ – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বকেয়া বেতনের দাবিতে রাজবংশী ভাষার শিক্ষক-শিক্ষিকারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন। ‘দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আন্দোলনকারীরা জেলাশাসকের দপ্তরের সামনে গণঅবস্থান করেন। দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন বলে অভিযোগ তুলেছেন জেলার ১৬টি স্কুলের ৪৩ জন শিক্ষক।
বিক্ষোভকারীদের দাবি, জেলার স্কুলগুলোতে রাজবংশী ভাষায় পাঠদানের জন্য শিক্ষক নিয়োগ করা হলেও নিয়মিত বেতন প্রদান করা হচ্ছে না। বর্তমানে ৪টি স্কুলে কোনো শিক্ষক নেই এবং বাকি ১২টি স্কুলের কর্মরত শিক্ষকরাও দীর্ঘ সময় ধরে পারিশ্রমিকহীন অবস্থায় রয়েছেন। নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা এবং প্রশাসনিক টালবাহানায় শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাশাসক দপ্তর চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীরা দ্রুত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার পাশাপাশি রাজবংশী ভাষা শিক্ষার পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক সংগঠনটি।

