৬৪ বছর বয়সেও চিরতরুণ সুনীল শেট্টি, সুস্বাস্থ্যের রহস্য ফাঁস করলেন অভিনেতা – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে নিজের ফিটনেস রহস্য উন্মোচন করলেন বলিউড অভিনেতা ও বিনিয়োগকারী সুনীল শেট্টি। দ্রুতগামী জীবনযাত্রায় অকাল বার্ধক্য ও রোগের ঝুঁকি মোকাবিলায় আধুনিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনার সময় তিনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মীরা কাপুর ও ডাঃ নবীন ড্যাং-এর উপস্থিতিতে আয়োজিত এই সেশনে ভারতের ক্রমবর্ধমান স্বাস্থ্য সচেতনতা ও ডায়াবেটিস পরিস্থিতির ওপর আলোকপাত করা হয়।
সুনীল শেট্টি জানান, বর্তমান যুগে সুস্বাস্থ্যের জন্য তথাকথিত সাপ্লিমেন্ট বা প্রোটিন পাউডারের ওপর তিনি নির্ভরশীল নন। বরং ষাটের কোঠায় পৌঁছেও তিনি ঘরোয়া খাবার, বিশেষ করে স্টু এবং দক্ষিণ ভারতীয় ভাত খেতেই পছন্দ করেন। বায়োহ্যাকিং বা আধুনিক চিকিৎসা পদ্ধতির চেয়ে শরীরের প্রকৃত প্রয়োজন বোঝা এবং প্রাকৃতিক উপায়ে নিজেকে ফিট রাখাকেই তিনি অধিক গুরুত্ব দেন। শরীরচর্চার বিকল্প হিসেবে তিনি নিয়মিত বাগান পরিচর্চার মতো কায়িক শ্রমেও নিজেকে নিয়োজিত রাখেন।
অভিনেতার মতে, সুস্থ থাকার মূলমন্ত্র হলো তেল, লবণ ও চিনির ব্যবহারে নিয়ন্ত্রণ রাখা এবং পরিমিত খাবার গ্রহণ করা। অকাল বার্ধক্য রোধে তিনি তিনটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন— নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত ঘুম। অসুস্থ হওয়ার পর চিকিৎসা করানোর চেয়ে আগেভাগেই সচেতন হয়ে সুস্থতাকে বজায় রাখাকেই তিনি সাশ্রয়ী ও বুদ্ধিমানের কাজ বলে মনে করেন।

