লেটেস্ট নিউজ

৬৭ বছরের খরা কাটিয়ে প্রথমবার রণজি জয় জম্মু কাশ্মীরের, ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত মোদী – এবেলা

এবেলা ডেস্কঃ

রণজি ট্রফিতে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর। দীর্ঘ ৬৭ বছরের অপেক্ষা শেষে কর্ণাটককে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল এই দল। টুর্নামেন্টের শুরু থেকে যে দলকে কেউ ধর্তব্যের মধ্যে রাখেনি, তারাই একের পর এক হেভিওয়েট দলকে ধুলো খাইয়ে ফাইনালে জয় ছিনিয়ে নিল। প্রথম ইনিংসে জম্মু ও কাশ্মীর ৫৮৪ রান পাহাড় গড়ে জয়ের ভিত মজবুত করেছিল। কর্ণাটক প্রথম ইনিংসে ২৯৩ রানে গুটিয়ে যাওয়ায় লিড পায় কাশ্মীর। শেষ পর্যন্ত ড্র হওয়া ম্যাচে প্রথম ইনিংসের লিডের ভিত্তিতেই চ্যাম্পিয়ন ঘোষিত হয় তারা।

দলের এই অভাবনীয় সাফল্যে আবেগঘন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রথমবার রণজি ট্রফি জয়ের জন্য জম্মু ও কাশ্মীর দলকে অভিনন্দন। এই ঐতিহাসিক জয় দলের শৃঙ্খলা এবং অদম্য জেদের প্রতিফলন। এটি জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য এক গর্বের মুহূর্ত যা উপত্যকার উদীয়মান ক্রীড়া প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরল।” প্রধানমন্ত্রীর মতে, এই জয় আগামী দিনে তরুণ খেলোয়াড়দের বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *