৭০ বছরের বৃদ্ধর গলায় বরের মালা আর কনে মাত্র ২২ এর তরুণী! এই বিয়ে নিয়ে তোলপাড় নেটদুনিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202612:46 pm
পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে সম্প্রতি এক চাঞ্চল্যকর বিয়ের ঘটনা খবরের শিরোনাম কেড়ে নিয়েছে। পাঞ্জাব প্রদেশের চাকলালা এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী হাকিম বাবর বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে। নবদম্পতির বয়সের ব্যবধান প্রায় ৪৮ বছর! অর্থাৎ পাত্র যখন মধ্যবয়স্ক ৪৮ বছরের প্রৌঢ় ছিলেন, পাত্রীর তখন সবে জন্ম হয়েছে। বয়সের এই বিশাল ফারাককে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক রীতি মেনে নিকাহ সেরেছেন তারা।
‘আল্লাহর নির্দেশ’ ও সুন্নাহ পালনের দাবি বরের
পেশায় ইউনানি ও ভেষজ চিকিৎসক বাবর এই বিয়ে নিয়ে বেশ দার্শনিক অবস্থানে রয়েছেন। তার মতে, বয়স আসলে শুধুই একটা সংখ্যা মাত্র, আসল হলো মনের মিল। বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এই বিয়ে তিনি কোনো খেয়ালের বশে করেননি, বরং আল্লাহর নির্দেশ এবং নবীর সুন্নাহ পালন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। পাত্রী একজন বিবাহবিচ্ছিন্না নারী হওয়ায় তাকে সম্মানজনক জীবন দিতেই এই নিকাহ সম্পন্ন করেছেন বলে জানান তিনি। ইসলামি শরিয়ত অনুযায়ী ডিভোর্সি নারীকে বিয়ে করা অত্যন্ত পুণ্যের কাজ—এমনটাই দাবি নববিবাহিত এই বৃদ্ধের।
প্রেম থেকে পরিণয় এবং পারিবারিক সম্মতি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটি কোনো জোরপূর্বক বিয়ে নয়। বাবর এবং ওই তরুণীর মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল যা সময়ের সাথে প্রেমে রূপান্তরিত হয়। আসাম বয়স হওয়া সত্ত্বেও দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই নিকাহ সম্পন্ন হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নবদম্পতিকে আশীর্বাদ করছেন আত্মীয়-স্বজনরা।
সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ও মিশ্র প্রতিক্রিয়া
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ এই ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলে কটাক্ষ করেছেন। কেউ কেউ বলছেন, ৪৮ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও একে প্রেম বলা যায় কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। আবার অন্য একটি পক্ষ বাবরের সাহসিকতার প্রশংসা করে বলছেন, যদি দুজনের সম্মতি থাকে এবং তারা সুখে থাকেন, তবে বাইরের মানুষের সমালোচনা অর্থহীন। পাকিস্তানজুড়ে বর্তমানে এই বিয়ের ভিডিও এবং ছবি নিয়ে মিম ও আলোচনার শেষ নেই।
বাবরের সাফ কথা, “যদি মন তরুণ থাকে, তবে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।” ভালোবাসা, বিশ্বাস এবং ধর্মীয় বৈধতাকে হাতিয়ার করেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন ৭০ বছরের এই চিকিৎসক।

