৯ কোটি খুইয়েও মেজাজে মুস্তাফিজুর! আইপিএল বিচ্ছেদ ভুলে কী করছেন ফিজ? – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএলে কোলকাতা নাইট রাইডার্স তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনলেও বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। বিশাল অঙ্কের এই অর্থ হাতছাড়া হওয়া সত্ত্বেও দমে যাননি বাংলাদেশের এই তারকা পেসার। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে, বাইরের বিষয় নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন মুস্তাফিজ। বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ ছন্দে রয়েছেন তিনি এবং বেশ হাসিখুশি মেজাজেই মাঠ মাতাচ্ছেন।
আইপিএল থেকে বাদ পড়ার পর ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য আবেদন করেছেন এই ‘কাটার মাস্টার’। পিএসএল কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানালেও ড্রাফটের আগে দল বা পারিশ্রমিক নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, সেখানে তাঁর আয় আইপিএলের তুলনায় অনেকটাই কম হবে। আপাতত বিপিএল ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকেই পাখির চোখ করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন এই বাঁহাতি পেসার।

