৯ কোটি টাকার ঋণ আর জেলের বিভীষিকা নিয়ে মুখ খুললেন রাজপাল যাদব – এবেলা
এবেলা ডেস্কঃ
হাস্যরসের রাজা রাজপাল যাদবের জীবনে এবার ট্র্যাজেডির ছায়া। ৯ কোটি টাকার ঋণের বোঝা আর চেক বাউন্স মামলায় কেন তাঁকে তিহার জেলের অন্ধকার কুঠুরিতে দিন কাটাতে হলো, সেই বিস্ফোরক সত্য এবার সামনে আনলেন অভিনেতা খোদ। হায়দরাবাদের এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে রাজপাল সাফ জানিয়ে দিলেন, এই লড়াইটা কেবল টাকার নয় বরং এর পেছনে লুকিয়ে আছে এক চরম অহংবোধের লড়াই।
২০১২ সালে নিজের ছবি ‘আতা পাতা लापता’-র জন্য দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন রাজপাল। কিন্তু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় সেই ঋণের বোঝা সুদে-আসলে দাঁড়ায় ৯ কোটিতে। পর পর সাতটি চেক বাউন্স হওয়ায় মামলা গড়ায় আদালত পর্যন্ত। যার জেরে চলতি বছরের শুরুতে আত্মসমর্পণ করতে বাধ্য হন বলিউডের এই জনপ্রিয় কৌতুকাভিনেতা।
জেলে যাওয়ার সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা নিয়ে রাজপাল বলেন, তিনি কাউকে ঠকানোর জন্য লোন নেননি। বিশ্বাসের ওপর ভিত্তি করেই সেই লেনদেন হয়েছিল। কিন্তু পারস্পরিক ভুল বোঝাবুঝি আর ব্যক্তিগত ইগোর কারণে বিষয়টি আইনি লড়াইয়ে রূপ নেয়। বর্তমানে অন্তর্বর্তী জামিনে মুক্ত থাকলেও মামলাটি এখনও যথেষ্ট সংবেদনশীল অবস্থায় রয়েছে।
সংবাদ সম্মেলনে রাজপালের আইনজীবী বারবার তাঁকে থামানোর চেষ্টা করলেও অভিনেতা ছিলেন নাছোড়বান্দা। তিনি স্পষ্ট করেন যে আইনি লড়াই চললেও তিনি বিনোদন জগত থেকে হারিয়ে যাচ্ছেন না। হাতে রয়েছে বেশ কিছু বড় প্রজেক্ট। আইনি জটিলতা কাটিয়ে আবারও পর্দায় দর্শকদের হাসাতে ফিরবেন বলে আশাবাদী এই অভিনেতা। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় তারকার রাজকীয় প্রত্যাবর্তনের।

