আপনার ডিনারে কি বিষাক্ত অ্যান্টিবায়োটিক? ডিম নিয়ে এফএসএসএআই-এর বড় পদক্ষেপে চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ডিমের গুণমান ও নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক ‘নাইট্রোফুরানস’-এর সম্ভাব্য উপস্থিতি নিয়ে দেশজুড়ে কড়া পদক্ষেপ নিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। শিশুদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই রাসায়নিকের সন্ধান পেতে ব্র্যান্ডেড এবং আনব্র্যান্ডেড—উভয় প্রকার ডিমের নমুনা সংগ্রহ করে দেশের ১০টি ল্যাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষতিকর পদার্থটি মূলত কার্সিনোজেনিক বা ক্যানসার সৃষ্টিকারী এবং লিভারের মারাত্মক ক্ষতি করতে সক্ষম।
ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক কার্যালয়গুলো অভিযানে নেমেছে। নাইট্রোফুরানস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি তৈরি করে। এই উদ্বেগের মাঝে ‘এগোজ’ (Eggoz) নামক সংস্থাটি তাদের পণ্যের ল্যাব রিপোর্ট জনসমক্ষে এনে দাবি করেছে যে, তাদের ডিমে কোনো ক্ষতিকর উপাদান নেই। তবে সাধারণ মানুষের পুষ্টির প্রধান উৎস ডিমের বিশুদ্ধতা নিয়ে দেশজুড়ে এখন প্রবল উদ্বেগ ও সতর্কতা তৈরি হয়েছে।

