সীমান্তে রক্তক্ষয়ী হামলা আর কত প্রাণ গেলে জাগবে পাকিস্তান
আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম পাকিস্তানে পুলিশের গাড়িতে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারালেন চার পুলিশকর্মী। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় তেল ও গ্যাস উত্তোলন ক্ষেত্রের কাছে টহলদারির সময় অতর্কিতে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও প্রশাসনের সন্দেহের তির নিষিদ্ধ সংগঠন টিটিপি-র দিকে।
এই ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। পাক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রদেশের মুখ্যমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। সম্প্রতি আফগান সীমান্তে লাগাতার নাশকতার জেরে ইসলামাবাদ ও কাবুলের কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন তৈরি হয়েছে, যা এই হামলার পর আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

