কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বীরভূমের অবিশ্বাস্য লড়াইয়ে পয়েন্ট নষ্ট নর্থবেঙ্গলের
বেঙ্গল সুপার লিগে অঘটন ঘটিয়ে ঘুরে দাঁড়াল কোপা টাইগার্স বীরভূম। টানা তিন ম্যাচ হারের পর মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শক্তিশালী নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসিকে গোলশূন্য ড্রয়ে আটকে দিল তারা। শুরু থেকে উত্তরবঙ্গের দলটি চাপ সৃষ্টি করলেও বীরভূমের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। অদম্য লড়াইয়ের সৌজন্যে এই ড্রয়ের মাধ্যমে প্রতিযোগিতায় নিজেদের প্রথম পয়েন্ট ছিনিয়ে নিল রাঙামাটির জেলার ফুটবলাররা।
টানটান উত্তেজনার এই ম্যাচে নর্থ বেঙ্গলের নিশ্চিত জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান বীরভূমের ডিফেন্ডার আমোহ এবেনেজার। চমৎকার পারফরম্যান্সের সুবাদে তিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। এই ড্রয়ের ফলে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে নর্থ বেঙ্গল ইউনাইটেড। অন্যদিকে, পয়েন্টের খাতা খুললেও টেবিলের তলানিতেই থাকতে হচ্ছে কোপা টাইগার্স বীরভূমকে। শীর্ষস্থান ধরে রেখেছে জে এইচ আর রয়্যাল সিটি।

