দিনে ২১ হাজার বার বিষাক্ত শ্বাস কেন! এয়ার পিউরিফায়ারের জিএসটি কমাতে কেন্দ্রকে কড়া তোপ আদালতের
দিল্লির ভয়াবহ বায়ু দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রকে কড়া বার্তা দিল দিল্লি হাই কোর্ট। আদালত সাফ জানিয়েছে, একজন মানুষ দিনে প্রায় ২১ হাজার বার শ্বাস নেয় এবং এই বিষাক্ত বাতাস থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার এখন বিলাসিতা নয় বরং জীবনদায়ী পণ্য। ১৮ শতাংশ জিএসটি কমানোর দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আদালত প্রশ্ন তুলেছে, বায়ু জরুরি অবস্থার মধ্যে কেন কর কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া হচ্ছে না।
প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়ের বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার দূষণ রোধে ব্যর্থ হলে অন্তত নাগরিকদের ঘরে নিরাপদ বাতাসের অধিকারটুকু দেওয়া উচিত। এয়ার পিউরিফায়ারকে চিকিৎসা সরঞ্জাম হিসেবে গণ্য করে ৫ শতাংশ জিএসটি স্ল্যাবে আনার বিষয়ে কেন্দ্রকে দ্রুত অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। চরম দূষণের এই আবহে আদালতের এমন কঠোর অবস্থান সাধারণ মানুষের বাঁচার অধিকারের পক্ষে এক বড় জয় বলে মনে করা হচ্ছে।

