লেটেস্ট নিউজ

বড়দিনে ট্রাম্পের ‘উপহার’, মার্কিন এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে গেল নাইজেরিয়ার জঙ্গিঘাঁটি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার আইএস জঙ্গিঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই অভিযানের খবর নিশ্চিত করে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপাত্মক ভঙ্গিতে লিখেছেন, ‘মৃত জঙ্গিদের জন্য মেরি ক্রিসমাস’। মূলত খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ক্রমাগত নৃশংস হামলার বদলা নিতেই এই ‘প্রাণঘাতী’ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস দাবি করেছে। নাইজেরিয়ায় বাড়তে থাকা উগ্রপন্থী কার্যকলাপ দমনে এই এয়ারস্ট্রাইক আমেরিকার কড়া বার্তা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

পেন্টাগনকে ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ সম্বোধন করে ট্রাম্প জানান, আমেরিকা কখনওই উগ্র সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না। হোয়াইট হাউসের তথ্যমতে, নাইজেরিয়ায় সাম্প্রতিক ধর্মীয় হিংসা কয়েক দশকের রেকর্ড ছাড়িয়েছে। এর আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, সাধারণ মানুষের ওপর হামলা বন্ধ না হলে ভয়াবহ পরিণতি হবে। এই নিখুঁত অভিযানের মাধ্যমে মার্কিন সামরিক শক্তির সক্ষমতা আবারও প্রমাণিত হলো। অন্যদিকে, ধর্মীয় স্বাধীনতার অঙ্গীকার করলেও নাইজেরিয়া সরকার এই সংকটকে নিছক ধর্মীয় সংঘাত হিসেবে মানতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *