লালুর বড় ছেলেকে খুনের হুমকি! প্রাণভয়ে পুলিশের দ্বারস্থ ‘ত্যাজ্যপুত্র’ তেজপ্রতাপ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবের বড় ছেলে ও জনশক্তি জনতা দলের (জেজেডি) সভাপতি তেজপ্রতাপ যাদবকে খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগের তির দলেরই বহিষ্কৃত মুখপাত্র সন্তোষ রেণু যাদবের বিরুদ্ধে। তেজপ্রতাপ জানান, দলীয় আদর্শ বিরোধী কাজের জন্য সন্তোষকে বহিষ্কার করার পরেই এই হুমকি দেওয়া শুরু হয়। নিরাপত্তা চেয়ে তিনি ইতিমধ্যেই বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরিকে চিঠি দিয়েছেন।
ঘটনার গুরুত্ব বুঝে সচিবালয় থানার পুলিশ একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, পারিবারিক ও রাজনৈতিক মতপার্থক্যের কারণে লালু প্রসাদ যাদব তাঁর জ্যেষ্ঠপুত্রকে ত্যাজ্য ঘোষণা করেছিলেন। এরপরই তেজপ্রতাপ নিজস্ব দল গঠন করেন। এই প্রাণনাশের হুমকি বর্তমানে বিহারের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

