পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালানোর চাঞ্চল্যকর দাবি রাশিয়ার
রাশিয়ার নভগোরোড অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন ৯১টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে মস্কো জানিয়েছে, রুশ প্রতিরক্ষা বাহিনী সবকটি ড্রোন ধ্বংস করেছে। এই ঘটনার জেরে ভবিষ্যতে কিয়েভের সঙ্গে আলোচনার পথ আরও কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। পালটা হামলার লক্ষ্যবস্তু এবং সময় ইতিমধ্যে নির্ধারিত হয়েছে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, ইউক্রেনের ওপর হামলা জোরদার করতে এবং কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করতেই মস্কো এই ধরনের বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। ট্রাম্প ও জেলেনস্কির সাম্প্রতিক বৈঠকের পর যখন যুদ্ধের অবসানে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে, ঠিক তখনই রাশিয়ার এই বিস্ফোরক অভিযোগ দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করল।

