পুলিশকে সপাটে চড় মেরে শ্রীঘরে বিজেপি কাউন্সিলরের ছেলে – এবেলা
এবেলা ডেস্কঃ
বারাণসীর মণিকর্ণিকা ঘাট এলাকায় কর্তব্যরত সাব-ইনস্পেক্টর অভিষেক ত্রিপাঠীকে চড় মারার অভিযোগে গ্রেফতার হলেন স্থানীয় বিজেপি কাউন্সিলরের ছেলে হিমাংশু শ্রীবাস্তব। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘নো ভেহিকল’ জোনে বাইক রাখা নিয়ে বিতর্কের জেরে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবক নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে পুলিশকর্মীর গায়ে হাত তুললে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে।
এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে ধরে পাল্টা গণপিটুনি দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হিমাংশুকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং সরকারি কর্মীর ওপর হামলার দায়ে মামলা রুজু করে। পরে স্থানীয় বিজেপি কর্মীরা থানায় বিক্ষোভ দেখালেও বিশৃঙ্খলা দমনে কঠোর অবস্থান নেয় প্রশাসন। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে বারাণসী পুলিশ।

