মাত্র ২৫ হাজারে মিলবে বিহারের পাত্রী! উত্তরাখণ্ডের মন্ত্রীর স্বামীর মন্তব্যে তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরাখণ্ডের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী রেখা আর্যের স্বামী গিরধারী লাল সাহুর একটি বিতর্কিত মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে। আলমোড়ার এক অনুষ্ঠানে তিনি দাবি করেন যে, বিহারের মেয়েদের ২০ থেকে ২৫ হাজার টাকায় বিয়ে করা যায়। এমনকি বয়স হয়ে গেলেও বিহার থেকে মেয়ে এনে দেওয়ার আশ্বাস দেন তিনি। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
কংগ্রেস ও বিহার মহিলা কমিশন এই বক্তব্যকে নারী জাতির চরম অবমাননা হিসেবে আখ্যা দিয়েছে। যদিও চাপের মুখে গিরধারী লাল ক্ষমা চেয়েছেন, তবে বিজেপি এই মন্তব্যের দায় নিতে অস্বীকার করেছে। বিরোধীদের দাবি, একজন দায়িত্বশীল মন্ত্রীর পরিবারের সদস্যের এমন কুরুচিকর মানসিকতা নারী পাচার ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিকে উসকে দেয়। এই ঘটনায় গিরধারী লাল সাহুকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিহার রাজ্য মহিলা কমিশন।

