বিমানে পাওয়ার ব্যাঙ্ক নিষিদ্ধ? মাঝ আকাশে বড় বিপদ এড়াতে ডিজিসিএ-র কড়া পদক্ষেপ! – এবেলা
এবেলা ডেস্কঃ
অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) বিমানে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, যাত্রীরা পাওয়ার ব্যাঙ্ক হ্যান্ডব্যাগে বহন করতে পারলেও বিমানের ভেতরে এটি ব্যবহার করে মোবাইল বা ল্যাপটপ চার্জ দিতে পারবেন না। উচ্চক্ষমতার এই ব্যাটারিগুলো দ্রুত গরম হয়ে বিস্ফোরণ ঘটার ঝুঁকি থাকায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে যাত্রীদের বিমানের নিজস্ব চার্জিং পয়েন্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
যাত্রীদের নিরাপত্তার খাতিরে বিমান সংস্থাগুলিকে এই নিয়ম কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইটের ভেতরে কোনো ডিভাইসে ধোঁয়া বা অস্বাভাবিক গন্ধ দেখা দিলে দ্রুত ক্রু মেম্বারদের জানাতে বলা হয়েছে। সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশেও এমন নিয়ম কার্যকর রয়েছে। মূলত বিমানে অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা এড়াতেই ডিজিসিএ এই আগাম সতর্কতা জারি করল।
