ভোটের বৈতরণী পার হতে দাঙ্গার ছক, আইপ্যাক ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ অধীরের – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের আবাসন ও দফতরে ইডির তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিতি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় সরব হয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আইপ্যাককে তৃণমূলের ‘গুপ্তচর বাহিনী’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনে তাঁকে হারাতে এবং মুর্শিদাবাদে সাম্প্রদায়িক বিভেদ ছড়াতে আইপ্যাকই নেপথ্যে থেকে নীল নকশা তৈরি করেছিল।
অধীর চৌধুরীর দাবি, আইপ্যাকের মাধ্যমেই তৃণমূলের সাংগঠনিক রদবদল ও আর্থিক লেনদেন নিয়ন্ত্রিত হয়। ইডির অভিযানের সময় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপকে নজিরবিহীন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কেন বিশেষ একটি সংস্থার স্বার্থ রক্ষায় তিনি এতটা সক্রিয়? অধীরের মতে, আইপ্যাক আসলে দুর্নীতির আখড়া এবং তাদের পরামর্শেই ভোটারদের ভয় দেখিয়ে মেরুকরণের রাজনীতি করছে শাসকদল।

