আপনার স্মার্টফোনের একটি কোডেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, অমিত শাহের মন্ত্রকের কড়া হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশে সাইবার জালিয়াতির নয়া কৌশল নিয়ে বড়সড় সতর্কতা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ভারতীয় সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্র (I4C)। প্রতারকরা এখন কল ফরোয়ার্ডিং ফিচারকে হাতিয়ার করে সাধারণ মানুষের সঞ্চয় লুঠ করছে। এক্ষেত্রে কুরিয়ার এজেন্ট সেজে ফোন করে একটি বিশেষ USSD কোড ডায়াল করতে বলা হয়। ব্যবহারকারী সেই কোড টিপলেই তার ফোনে আসা সমস্ত কল এবং ওটিপি সরাসরি অপরাধীদের হাতে পৌঁছে যাচ্ছে।
এই জালিয়াতি থেকে বাঁচতে সন্দেহজনক কোনও নম্বর বা কোড ডায়াল না করার পরামর্শ দেওয়া হয়েছে। যদি আপনার ফোনে অজান্তেই কল ফরোয়ার্ডিং চালু হয়ে থাকে, তবে তা দ্রুত বন্ধ করতে অবিলম্বে ##002# ডায়াল করুন। কোনও লিঙ্কে ক্লিক না করেও শুধুমাত্র একটি কোড ডায়ালের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক হতে পারে। তাই এই ধরণের প্রতারণা রুখতে সর্বদা সচেতন ও সতর্ক থাকা জরুরি।

