মায়াপুর ইসকনে বিশেষ ক্যাম্প: বিদেশি সন্ন্যাসীদের ভোটাধিকার দিচ্ছে কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিশ্চিত করতে মায়াপুর ইসকন মন্দিরে বিশেষ ক্যাম্প আয়োজন করছে নির্বাচন কমিশন। আগামী ৪ মার্চ এই কর্মসূচি পালিত হবে। মূলত যাঁরা দীর্ঘদিন ভারতে বসবাস করছেন এবং সদ্য নাগরিকত্ব পেয়েছেন বা আবেদনের প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের আইনি জটিলতা কাটিয়ে ভোটাধিকার প্রদানই এই উদ্যোগের লক্ষ্য।
সম্প্রতি ইসকনের দুই সন্ন্যাসিনী ভোটার তালিকায় নাম তোলা নিয়ে কমিশনের দ্বারস্থ হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই এই ক্যাম্প বসবে। এর মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করে তাঁদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় শামিল হওয়ার সুযোগ করে দেবে নির্বাচন কমিশন।

