মুখ্যমন্ত্রী বদল নিয়ে তোলপাড় কর্নাটক, এবার রাহুলের দরবারে সিদ্দারামাইয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
কর্নাটক কংগ্রেসে ক্ষমতার টানাপড়েন চরম আকার ধারণ করেছে। আড়াই বছর মেয়াদের ফর্মুলা ঘিরে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের অনুগামীদের মধ্যে সংঘাত এখন প্রকাশ্যে। জল্পনা ও বিভ্রান্তি দূর করতে এবার সরাসরি রাহুল গান্ধীর হস্তক্ষেপ দাবি করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন থামাতে হাইকমান্ডের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চাইছেন তিনি।
বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এলেও মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দুই শিবিরের লড়াই থামছেই না। দলীয় কোন্দল মেটাতে মল্লিকার্জুন খাড়গে বারংবার ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেও অস্বস্তি বাড়ছে কংগ্রেস শিবিরে। হাইকম্যান্ডের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতার হাতবদল হবে নাকি সিদ্দারামাইয়াই পদে বহাল থাকবেন, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। দক্ষিণী এই রাজনৈতিক ঝঞ্ঝা সামলাতে দিল্লির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কর্নাটক কংগ্রেস।

