সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন নির্ভরযোগ্য অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালীন তিনি পাঁজরের নিচের অংশে তীব্র চোট পান। আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চে সুন্দরের এই অনুপস্থিতি দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে টুর্নামেন্টে তাঁর অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
তবে বিসিসিআই এখনও টি-২০ সিরিজের জন্য সুন্দরের বিকল্পের নাম ঘোষণা করেনি। দলে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও শিবম দুবের মতো একাধিক অলরাউন্ডার থাকায় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ম্যানেজমেন্ট। ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে মাঠে নামবে ভারত। তিলক ভার্মাও প্রথম তিন ম্যাচে না থাকায় তরুণ ক্রিকেটারদের ওপর বাড়তি দায়িত্ব থাকবে।

