লেটেস্ট নিউজ

ব্যাংকের গাফিলতিতে এবার মিলবে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ, আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্যাংকিং পরিষেবা বা আর্থিক প্রতিষ্ঠানের গাফিলতিতে গ্রাহকদের হয়রানি রুখতে কঠোর পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের ভুলে আর্থিক ক্ষতির শিকার হলে গ্রাহক ওম্বুডসম্যান বা লোকপালে অভিযোগ জানিয়ে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। এছাড়া অহেতুক সময় নষ্ট, মানসিক যন্ত্রণা বা হয়রানির ক্ষেত্রেও মিলবে অতিরিক্ত ৩ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। সরকারি ও বেসরকারি ব্যাংকের পাশাপাশি গ্রামীণ ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক এবং বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থাও এই নতুন নিয়মের আওতায় আসবে।

আরবিআই জানিয়েছে, এটিএম, ক্রেডিট কার্ড, ঋণ বা অ্যাকাউন্ট সংক্রান্ত যেকোনো সমস্যায় প্রথমে সংশ্লিষ্ট সংস্থায় অভিযোগ জানাতে হবে। সেখানে ৩০ দিনের মধ্যে সুরাহা না মিললে গ্রাহক পরবর্তী ৯০ দিনের মধ্যে লোকপালে আবেদন করতে পারবেন। প্রবীণ নাগরিকদের সুবিধা, কেওয়াইসি আপডেট বা কর্মীদের দুর্ব্যবহারের মতো বিষয়েও এখন থেকে সরাসরি ক্ষতিপূরণ দাবি করা যাবে। এই প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত গ্রাহককে পুরো টাকা ফেরত দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেবে ব্যাংকিং লোকপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *