আমেরিকা ও চিনকেও পেছনে ফেলল ভারত বিশ্বমঞ্চে দায়িত্বশীল দেশ হিসেবে নয়া নজির – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বের শক্তিশালী দেশগুলিকে টেক্কা দিয়ে ‘রেসপন্সিবল নেশনস ইনডেক্স’ বা আরএনআই তালিকায় বড়সড় সাফল্য পেল ভারত। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন’ প্রকাশিত এই সূচকে ১৫৪টি দেশের মধ্যে ১৬তম স্থান দখল করেছে নয়াদিল্লি। নাগরিক অধিকার, পরিবেশ সুরক্ষা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার নিরিখে দেশগুলির মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়েছে। যেখানে সিঙ্গাপুর শীর্ষস্থান অধিকার করেছে, সেখানে ভারতের এই উত্থান আন্তর্জাতিক মহলে রীতিমতো চমক সৃষ্টি করেছে।
এই সূচকে আমেরিকা ও চিন যথাক্রমে ৬৬ এবং ৬৮তম স্থানে পিছিয়ে রয়েছে। যা প্রমাণ করে যে কেবলমাত্র উচ্চ জিডিপি বা অর্থনৈতিক শক্তি থাকলেই কোনো দেশ দায়িত্বশীল হয়ে ওঠে না। অভ্যন্তরীণ সুশাসন, সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশ সংরক্ষণের মতো সাতটি প্রধান মানদণ্ডের ওপর ভিত্তি করে এই র্যাঙ্কিং নির্ধারিত হয়েছে। ডব্লিউআইএফ-এর প্রতিবেদন অনুযায়ী, বহু ক্ষেত্রে উন্নত দেশগুলোর তুলনায় ভারত ও সিঙ্গাপুরের মতো রাষ্ট্রগুলি অনেক বেশি মানবিক ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করেছে।

