লেটেস্ট নিউজ

নবান্নের বড় ঘোষণা ডব্লিউবিসিএস অফিসারদের জন্য একগুচ্ছ নতুন উচ্চপদ তৈরি করছে রাজ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য প্রশাসনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারের অফিসারদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। বুধবার রাজ্য পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, যুগ্মসচিব স্তরে ১০০টি এবং বিশেষ সচিব স্তরে ৪০টি অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে। এর ফলে যুগ্মসচিবের মোট পদের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৩৫০ এবং বিশেষ সচিবের পদ হচ্ছে ১৪০টি। প্রশাসনের শীর্ষ স্তরে রাজ্য ক্যাডারের আধিকারিকদের উপস্থিতি বাড়াতে এবং তাঁদের দীর্ঘদিনের পদোন্নতির জট কাটাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এই সিদ্ধান্তের ফলে ডব্লিউবিসিএস আধিকারিকরা যেমন দ্রুত পদোন্নতির সুযোগ পাবেন, তেমনই ২০১৯ সালের রোপা রুল অনুযায়ী তাঁরা আর্থিকভাবেও লাভবান হবেন। এছাড়াও অতিরিক্ত সচিব স্তরেও পদের সংখ্যা বাড়ানোর সংস্থান রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রশাসনিক মহলের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রাজ্যের অফিসারদের গুরুত্ব দেওয়ার কথা বলে এসেছেন, সরকারের এই পদক্ষেপ সেই বার্তাকেই আরও মজবুত করল। নতুন এই পদবিন্যাস কার্যকর হলে রাজ্য প্রশাসনের কাজে আরও স্বচ্ছতা ও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *