র্যাব কর্মকর্তার মৃত্যু: জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের প্রস্তুতি – এবেলা
এবেলা ডেস্কঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত ও তিনজন আহত হয়েছেন। গত ১৯ জানুয়ারি আসামি ধরতে গিয়ে র্যাব সদস্যরা অতর্কিত হামলার শিকার হন। সন্ত্রাসীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কয়েকশ লোক জড়ো করে এই হামলা চালায় এবং অস্ত্র ছিনিয়ে নেয়।
র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানিয়েছেন, অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পুলিশ ও র্যাব যৌথভাবে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মূলত ছিন্নমূল মানুষকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করে ইয়াসিন গ্রুপসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এই অঞ্চলটি দখল করে রেখেছে।

