আমি স্বৈরাচারী কিন্তু কখনও কখনও একনায়কের প্রয়োজন হয় মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত স্বীকারোক্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্ণ করার মুহূর্তে নিজের বিতর্কিত শাসনশৈলী নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে তিনি নিজেকে স্বৈরাচারী শাসক হিসেবে বর্ণনা করে দাবি করেন যে, বিশেষ কিছু পরিস্থিতিতে একনায়কতন্ত্রের প্রয়োজন রয়েছে। গত এক বছরে কঠোর অভিবাসন নীতি, লাগামহীন শুল্ক আরোপ এবং রুশ-ইউক্রেন যুদ্ধে পুতিনকে সমর্থনের মতো ঘটনায় বিশ্বজুড়ে ট্রাম্পের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা চলছে। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের ঘটনায় রাশিয়া ও চীন মার্কিন সাম্রাজ্যবাদ ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুললে ট্রাম্প কার্যত তা মেনে নেন।
ট্রাম্পের গত এক বছরের কার্যকলাপে গাজা দখল, ইরান ও গ্রিনল্যান্ডকে হুমকি এবং ভারত-পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতার দাবির মতো উত্তেজক ঘটনার ঘনঘটা দেখেছে বিশ্ব। সমালোচকরা তাঁর এই আগ্রাসী ও একগুঁয়ে মনোভাবকে বিশ্বশান্তির অন্তরায় হিসেবে দেখছেন। তবে ট্রাম্পের মতে, কঠোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর এই চারিত্রিক দৃঢ়তা অপরিহার্য। বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের এই ‘স্বৈরাচারী’ তকমা গ্রহণ ও সাম্রাজ্যবাদী কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে, যা বিশ্ব রাজনীতির সমীকরণকে নতুন করে ভাবাচ্ছে।

