ছত্তিশগড়ে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: মৃত অন্তত ৬, আহত বহু – এবেলা
এবেলা ডেস্কঃ
ছত্তিশগড়ের বালোদা বাজার-ভাটাপাড়া জেলায় এক ভয়াবহ শিল্প দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। বৃহস্পতিবার বাকুলাহি গ্রামে অবস্থিত ‘রিয়েল ইস্পাত’ নামক একটি স্পঞ্জ আয়রন কারখানায় শক্তিশালী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন শ্রমিক। এই ঘটনায় আরও ১০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে কারখানা চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।
পুলিশ জানিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

