১১ বছর আগে মায়ের অপমানের চরম প্রতিশোধ নিতে বাবাকে পিটিয়ে মারল সন্তান – এবেলা
এবেলা ডেস্কঃ
লখনউয়ের কল্যাণপুরে ১১ বছর আগে নিজের মায়ের লাঞ্ছনা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল ১১ বছরের শিশু সোনু কশ্যপ। জনসমক্ষে বাবার হাতে মায়ের সেই চড় এবং দীর্ঘদিনের শারীরিক নির্যাতনে মায়ের স্মৃতিশক্তি লোপ পাওয়ার যন্ত্রণা সোনুর মনে গভীর ক্ষত তৈরি করেছিল। বড় হওয়ার সাথে সাথে সেই ক্ষোভ প্রতিহিংসায় রূপ নেয়। সম্প্রতি মুন্সিপুলিয়ার কাছে বাবাকে ডাব বিক্রি করতে দেখে সেই পুরনো রাগ আবারও জ্বলে ওঠে এবং সে তার বন্ধুদের সাথে মিলে বাবাকে খুনের ভয়ঙ্কর ছক কষে ফেলে।
গত ২২ মে কাজ সেরে ফেরার পথে সোনু ও তার সঙ্গীরা মনোজ কুমারকে লোহার রড ও লাঠি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালায়। দীর্ঘ দুই মাস পুলিশের কাছে এই হত্যাকাণ্ড একটি রহস্য হয়ে থাকলেও সিসিটিভি ফুটেজে দেখা একটি বিশেষ কার্টুন ছাপানো টি-শার্ট খুনিদের ধরিয়ে দিতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়ায় ওই একই টি-শার্ট পরা এক যুবকের ছবি দেখে তদন্তকারীরা ছদ্মবেশে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সোনুসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।

