ছয় মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মহিলারা – এবেলা
এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাকচা ও গজিনা গ্রাম পঞ্চায়েতের সাত হাজারেরও বেশি মহিলা দীর্ঘ ছয় মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এই দুই পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে থাকায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। এই বঞ্চনার প্রতিবাদে এবং বকেয়া টাকা দ্রুত চালুর দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন বাকচা পঞ্চায়েত সদস্য সুনীতা মণ্ডল সাউ।
এর আগে সমস্যার সমাধানে বিডিও অফিসে ডেপুটেশন দিলেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হলেন বঞ্চিত মহিলারা। রাজ্যের অন্যতম জনপ্রিয় এই প্রকল্পের সুবিধা থেকে বিপুল সংখ্যক উপভোক্তা কেন বঞ্চিত হচ্ছেন, তা নিয়ে এখন আইনি লড়াই শুরু হয়েছে। মামলার জল আদালত পর্যন্ত গড়ানোয় ময়না এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে এবং দ্রুত টাকা পাওয়ার আশায় পথ চেয়ে আছেন হাজার হাজার উপভোক্তা।

