ইডেনে বিশ্বকাপের প্রস্তুতি: আইসিসি প্রতিনিধিদের পরিদর্শন ও পুলিশের সঙ্গে বৈঠক – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালসহ সাতটি ম্যাচ আয়োজনে প্রস্তুত ইডেন গার্ডেনস। বৃহস্পতিবার মাঠের পরিকাঠামো ও প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসে আইসিসি ও বিসিসিআইয়ের প্রতিনিধি দল। মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগ মাঠ ও গ্যালারি দেখে সন্তোষ প্রকাশ করেছে। কোনো বিশেষ পরিবর্তনের পরামর্শ না দিয়ে তারা বর্তমান ব্যবস্থাপনায় খুশি।
প্রস্তুতি নিয়ে এদিন লালবাজারে কলকাতা পুলিশের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন সিএবি কর্তারা। সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস জানান, বড় ইভেন্ট আয়োজনে ইডেন অভিজ্ঞ এবং বিশ্বকাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশ না এলেও ম্যাচের সংখ্যা কমছে না; ইতালি, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেটের নন্দন কানন।
