ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: সাত শ্রমিকের মর্মান্তিক মৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
ছত্তিশগড়ের ভাটাপাড়া জেলায় একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে সাতজন শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বাকুলাহি গ্রামের ওই কারখানায় কাজ চলাকালীন আকস্মিক এই বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী।
উদ্ধারকারীরা এখনও পর্যন্ত সাতটি মৃতদেহ উদ্ধার করেছেন এবং গুরুতর আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

