প্রতিবেশীর ছাদে বল আনতে যাওয়াই কাল হলো স্কুলছাত্রের, কাঁদতে কাঁদতে ছুটলো ছাত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
গোয়ালিয়রে অষ্টম শ্রেণীর এক ছাত্রের ওপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ক্রিকেট খেলার সময় বল আনতে প্রতিবেশীর ছাদে গিয়েছিল ওই কিশোর। অভিযোগ, সেখানে তাকে আটকে রেখে প্রথমে ‘মুরগি’ বানানো হয় এবং পরে বেল্ট দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে সে পরিবারকে সব জানালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি, এই ঘটনায় কিশোরটি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে। ঘটনার প্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত প্রতিবেশীরা মারধরের কথা স্বীকার করলেও এক অদ্ভুত দাবি তুলেছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের ছাদ থেকে অন্তর্বাস চুরি হচ্ছিল, তাই তাঁরা নজরদারি চালাচ্ছিলেন। ওই কিশোরকে আপত্তিকর অবস্থায় দেখার কারণেই তাঁরা মেজাজ হারিয়ে ফেলেন বলে দাবি করেছেন। বর্তমানে পুলিশ এই চুরির অভিযোগ এবং নাবালককে নির্যাতনের ঘটনার তদন্ত শুরু করেছে। কিশোরটি একটি সরকারি স্কুলের ছাত্র এবং স্কুল থেকে ফেরার পরই বন্ধুদের সঙ্গে খেলার সময় এই অনভিপ্রেত ঘটনার শিকার হয়।

