লেটেস্ট নিউজ

ড্রেনেজে মশারি! মশা তাড়াতে চেন্নাই কর্পোরেশনের আজব কাণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

মশার উপদ্রব রুখতে অভিনব এক পন্থায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। জানা গেছে, শহরজুড়ে প্রায় ৪০০০ কোটি টাকা ব্যয়ে বৃষ্টির জল নিষ্কাশনের নালা বা ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে। কিন্তু এই ড্রেনগুলো থেকেই মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন পুরকর্মীরা।

সমস্যার সমাধানে আধিকারিকরা এমন এক কৌশল নিয়েছেন যা দেখে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। কর্মীরা রাস্তার ভূগর্ভস্থ ড্রেনেজের ঢাকনা খুলে তার ওপর আস্ত মশারি পেতে দিচ্ছেন, তারপর আবার লোহার ঢাকনা দিয়ে সেটি আটকে দিচ্ছেন। তাদের যুক্তি— ড্রেনের ভেতর থেকে মশা যাতে কোনোভাবেই বাইরে বেরিয়ে লোকালয়ে ছড়াতে না পারে, সেজন্যই এই ‘মশারি সুরক্ষা’।

পুরসভার এই কাণ্ড দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, মশা মারতে কামান দাগার কথা শোনা গেলেও, ড্রেনে মশারি খাটানোর দৃশ্য আগে কখনও দেখা যায়নি। এই ঘটনা তামিলনাড়ুর পূর্ববর্তী এক বিতর্কিত স্মৃতিকে উসকে দিয়েছে। কয়েক বছর আগে বৈগাই বাঁধের জল বাষ্পীভূত হওয়া রোধ করতে তৎকালীন মন্ত্রী সে্লুর রাজু থার্মোকলের শিট দিয়ে জলাধার ঢেকে দেওয়ার চেষ্টা করেছিলেন, যা নিয়ে সে সময় দেশজুড়ে হাসাহাসি হয়েছিল। এবার চেন্নাই কর্পোরেশনের এই ‘মশারি মডেল’ সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে নাম লেখাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *