WHO থেকে সরিয়ে নেওয়া হলো আমেরিকার পতাকা, এবার কি তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল আমেরিকা। বৃহস্পতিবার জেনেভায় সংস্থার সদর দফতরের বাইরে থেকে মার্কিন জাতীয় পতাকাটি সরিয়ে ফেলা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এই সংস্থা ছাড়ার নোটিশ দিয়েছিলেন। সেই প্রক্রিয়া অনুসরণ করেই এবার বিশ্বমঞ্চের এই প্রভাবশালী স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র জানিয়েছেন যে আমেরিকার জনগণ এই সংস্থাকে দীর্ঘকাল অপ্রয়োজনীয় অর্থ প্রদান করেছে। তাঁদের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতার কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বকেয়া যে কোনও আর্থিক পাওনার চেয়ে অনেক বেশি। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক স্বাস্থ্য কূটনীতিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। আপাতত সংস্থার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিজেদের অবস্থানে অনড় ওয়াশিংটন।

