সম্ভলকাণ্ড: পুলিশের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিতেই বদলি বিচারক, দায়িত্বে সার্ভের নির্দেশদাতা – এবেলা
এবেলা ডেস্কঃ
লখনউ: উত্তরপ্রদেশের সম্ভলে শাহী জামা মসজিদের এএসআই (ASI) সমীক্ষাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নাটকীয় মোড়। যে বিচারক অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার সাহসী নির্দেশ দিয়েছিলেন, রাতারাতি তাঁকে বদলি করে দেওয়া হল। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে সম্ভলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (CJM) বিভাংশু সুধীরকে সরিয়ে সেই পদে আনা হয়েছে আদিত্য সিংকে। উল্লেখ্য, এই আদিত্য সিং-ই জামা মসজিদে সমীক্ষার প্রথম নির্দেশ দিয়েছিলেন।
২০২৪ সালের সেই উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছিল এবং বহু মানুষ আহত হন। তাঁদেরই একজন, আলম নামে এক ব্যক্তির বাবার আবেদনের ভিত্তিতে গত সপ্তাহে সার্কেল অফিসার অনুজ চৌধুরী ও কোতোয়ালি থানার ইন-চার্জসহ একাধিক পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর এবং তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারক বিভাংশু সুধীর। আলমের পরিবারের দাবি ছিল, নিরীহভাবে বিস্কুট বিক্রির সময় পুলিশ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
এই বদলি ঘিরে ইতিমধ্য়েই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে, যাঁর দেওয়া সার্ভে রিপোর্টকে কেন্দ্র করে সম্ভল অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, সেই বিচারক আদিত্য সিংকে সিজেএম পদে বসানো এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিচারককে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

