লেটেস্ট নিউজ

‘সাহস থাকলে ভোটে লড়ুন, যেকোনো আসনে হারাব’, ইউনুসকে সরাসরি চ্যালেঞ্জ হাসিনার – এবেলা

এবেলা ডেস্কঃ

ঢাকা: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত এক অডিও বার্তায় তিনি দাবি করেন, দেশের যেকোনো আসনে ইউনুস তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে হাসিনা প্রশ্ন তোলেন, “কোন যুক্তিতে একটি প্রাচীন ও জনপ্রিয় দলকে নিষিদ্ধ করা হলো?” তাঁর দাবি, দেশের অর্ধেকের বেশি মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক। জনমত ছাড়া ক্ষমতায় আসা ইউনুস সরকার নির্বাচনের নামে ‘প্রহসন’ করতে চাইছে বলেও তিনি তোপ দাগেন।

অন্যদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়ছে। রাষ্ট্রদ্রোহের এক মামলায় হাসিনা ও আরও ২৮৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আগামী ৯ ফেব্রুয়ারি ধার্য করেছে ঢাকার আদালত। অভিযোগ উঠেছে, ২০২৪ সালের ডিসেম্বরে ‘জয় বাংলা ব্রিগেড’-এর এক ভার্চুয়াল বৈঠকে বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন তিনি। আমেরিকা প্রবাসী নেতা ড. রাব্বি আলমের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে দেশ-বিদেশের প্রায় ৫৭৭ জন অংশ নিয়েছিলেন বলে সিআইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ইতিপূর্বে আদালত হাসিনাসহ পলাতক অভিযুক্তদের হাজিরের নির্দেশ দিলেও তাঁরা আদালতে উপস্থিত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *