অস্কারের চূড়ান্ত দৌড় থেকে ছিটকে গেল ভারতের হোমবাউন্ড, ফের স্বপ্নভঙ্গ সিনেমা প্রেমীদের – এবেলা
এবেলা ডেস্কঃ
৯৮তম অস্কারে ভারতবাসীর প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হচ্ছে নীরজ ঘাওয়ান পরিচালিত চলচ্চিত্র ‘হোমবাউন্ড’-কে। কান চলচ্চিত্র উৎসবে ভূয়সী প্রশংসা কুড়োনোর পর এই ছবিটিকে ঘিরে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছিল। তবে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে লড়াই চালিয়েও চূড়ান্ত মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছে এটি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় প্রথম ১৫টি ছবির মধ্যে জায়গা পেলেও শেষ পাঁচের দৌড় থেকে ছিটকে যাওয়ায় আরও একবার অস্কার বঞ্চনার শিকার হলো ভারতীয় সিনেমা।
ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে এবং স্পেনের মতো শক্তিশালী দেশগুলোর সিনেমার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পেরে ওঠেনি ‘হোমবাউন্ড’। ভারতে মুক্তির আগেই আন্তর্জাতিক মঞ্চে সাড়া ফেলা এই ছবিটি বাদ পড়ায় হতাশ চলচ্চিত্র সংশ্লিষ্ট মহল। এর আগে লাপাতা লেডিস অস্কারের দৌড় থেকে বাদ পড়ার পর ‘হোমবাউন্ড’ ছিল ভারতের শেষ ভরসা। কিন্তু চূড়ান্ত মনোনয়ন তালিকায় নাম না থাকায় বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম মঞ্চে সোনালি ট্রফি জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো ভারতের জন্য।

