লেটেস্ট নিউজ

শুনানি কেন্দ্রে নেই স্তন্যপান কক্ষ, দুগ্ধপোষ্যের খিদে মেটাতে বিপাকে মায়েরা-বাড়ছে ক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের তালিকা সংশোধনের শুনানিতে যোগ দিতে এসে ডোমকল মহকুমা জুড়ে চরম বিপাকে পড়েছেন প্রসূতি মায়েরা। অভিযোগ, তীব্র শীতের মাঝে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কোলের শিশুরা ক্ষুধার্ত হয়ে পড়লেও তাদের স্তন্যপান করানোর কোনো নিভৃত স্থান নেই কেন্দ্রগুলিতে। বাধ্য হয়ে কেউ গাড়ির আড়ালে, কেউ বা গাছের নিচে কিংবা অস্বাস্থ্যকর শৌচাগারে গিয়ে শিশুকে দুধ খাওয়াচ্ছেন। কমিশনের এই অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় প্রয়োজনীয় ন্যূনতম পরিষেবা না থাকায় প্রশাসনের পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজতত্ত্ববিদ থেকে সাধারণ নাগরিকরা।

কয়েক বছর আগে কিছু বিডিও অফিসে ব্রেস্ট ফিডিং সেন্টার তৈরি হলেও বর্তমানে সেগুলি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। প্রশাসনের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রসূতিদের সশরীরে হাজিরা বাধ্যতামূলক নয়, তারা প্রতিনিধি পাঠাতে পারেন। তবে স্থানীয়দের অভিযোগ, এই নিয়মের কথা প্রচার না হওয়ায় কোলের শিশুদের নিয়ে হয়রানি বাড়ছে। অবিলম্বে প্রতিটি শুনানি কেন্দ্রে শিশুদের জন্য আলাদা কক্ষের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মায়েরা। উপযুক্ত পরিকাঠামো ছাড়া এই ধরণের জনশুনানি সাধারণ মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *