লেটেস্ট নিউজ

মধ্যমগ্রামে রঙের কারখানায় দাউদাউ আগুন, পুড়ে ছাই রাসায়নিকের গোডাউন – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যমগ্রামের দিগবেড়িয়ার একটি রং তৈরির কারখানায় বৃহস্পতিবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান দমকলের। কারখানার দুটি গোডাউনে প্রচুর পরিমাণে রাসায়নিক ও ড্রাম ভর্তি রং মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের সাতটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, ২০২০ সালেও এই কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে সে সময় নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জলের রিজার্ভার তৈরির নির্দেশ দেওয়া হলেও গত ছয় বছরে তা কার্যকর করা হয়নি। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জানিয়েছেন, কারখানার প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *