নির্বাচন কমিশনের ডেডলাইন পার হলেও অধরা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের ফরাক্কায় এসআইআর শুনানি চলাকালীন বিডিও অফিসে তাণ্ডব চালানোর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিলেও তা এখনও কার্যকর হয়নি। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে পদক্ষেপ নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল কমিশন, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পরেও পুলিশের পক্ষ থেকে কোনো মামলা রুজু না হওয়ায় বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশের দাবি, এখনও পর্যন্ত তাদের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলেই এফআইআর করা সম্ভব হয়নি। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। একদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশাসনিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এই নির্দেশের বিরোধিতা করেছেন। অশান্তির জেরে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট কেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য শুনানি বন্ধ রাখা হবে। এখন দেখার, কমিশনের অবমাননার পর পরবর্তী পদক্ষেপ কী হয়।

