১২ ঘণ্টার ব্যবধানে মোদী ও জিনপিংকে ব্রাজিলের প্রেসিডেন্টের ফোন, আমেরিকার চাপ রুখতে ব্রিকসকে শক্তিশালী করার ছক – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্ব রাজনীতির উত্তাল আবহে ১২ ঘণ্টার ব্যবধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক শেষ হওয়ার পরপরই এই কথোপকথন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মোদীর সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতকে আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছেন লুলা। অন্যদিকে জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বর্তমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে একটি স্থিতিশীল ও ন্যায়সংগত বিশ্বব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার ক্রমবর্ধমান চাপের মুখে ব্রিকস জোটকে আরও শক্তিশালী করতে চাইছেন লুলা। বিশেষ করে ভেনিজুয়েলা ইস্যুতে আমেরিকার সক্রিয়তা এবং ব্রিকস দেশগুলোর ওপর ট্রাম্পের কড়া নজরদারি ব্রাজিলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতের প্রস্তাবিত ডিজিটাল কারেন্সি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমেরিকা বিরোধী একটি মজবুত ফ্রন্ট তৈরির চেষ্টা করছেন তিনি। মূলত ল্যাটিন আমেরিকায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বমঞ্চে ব্রিকসের আধিপত্য বজায় রাখতেই ভারত ও চীনের সঙ্গে এই বিশেষ তৎপরতা শুরু করেছেন ব্রাজিলীয় প্রেসিডেন্ট।

