ওড়িশায় আক্রান্ত বাঙালি শ্রমিক: তোলপাড় সমাজমাধ্যম – এবেলা
এবেলা ডেস্কঃ
ওড়িশায় ফেরি করতে গিয়ে ফের হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা। হুগলির বাসিন্দা মহম্মদ আলি মল্লিককে বাঙালি পরিচয় জানার পর আধার কার্ড দেখাতে বাধ্য করা হয় এবং গ্রামে ঢুকতে বাধা দিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। সম্প্রতি এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্য একটি ঘটনায় এক ফেরিওয়ালাকে চড় মারা ও কাজ বন্ধ করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। বারবার ভাষা ও পরিচয়ের কারণে এভাবে আক্রান্ত হওয়ায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক স্তরেও শুরু হয়েছে তীব্র সমালোচনা। বাংলার মানুষের ওপর এমন ক্রমাগত অত্যাচারে পরিযায়ী শ্রমিকদের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

