স্কুলে তালা ঝুলিয়ে উধাও শিক্ষিকারা ক্ষোভে বন্ধ গেটের সামনেই সরস্বতী পুজো করলেন অভিভাবকরা – এবেলা
এবেলা ডেস্কঃ
পূর্বস্থলীর নিমদহ শিশু শিক্ষা কেন্দ্রে সরস্বতী পুজো না হওয়ায় রণক্ষেত্রের চেহারা নিল স্কুল চত্বর। জানা গেছে, শুক্রবার সকালে খুদে পড়ুয়ারা সেজেগুজে স্কুলে অঞ্জলি দিতে এসে দেখে মূল গেটে তালা ঝুলছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কোনো শিক্ষিকার দেখা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। শেষমেশ জেদ বজায় রেখে স্কুলের বন্ধ গেটের সামনেই প্রতিমা এনে পুজোর আয়োজন করেন তারা। সেখানেই উপোস করে থাকা খুদে পড়ুয়ারা বাগদেবীর চরণে অঞ্জলি দেয়।
পুজো চলাকালীন প্রধান শিক্ষিকা স্কুলে পৌঁছালে তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান উত্তেজিত অভিভাবকরা। অভিযোগ, অসুস্থতার অজুহাত দিয়ে এবার পুজোর কোনো আয়োজনই করেননি দুই শিক্ষিকা, এমনকি আগাম কোনো তথ্যও দেওয়া হয়নি স্কুল থেকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় পূর্বস্থলী থানার পুলিশকে। প্রধান শিক্ষিকা অঞ্জলি চট্টোপাধ্যায় নিজের ভুল স্বীকার করে ভেতরে পুজোর অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেননি অভিভাবকরা। এলাকার অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুজো হলেও এই শিক্ষা কেন্দ্রে কেন ব্রাত্য থাকলেন দেবী সরস্বতী, তা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

