লেটেস্ট নিউজ

মোদীর সভায় লোক আনতে ৩ লাখ টাকা! টাকা ভাগাভাগি নিয়ে রাজপথে হাতাহাতি বিজেপি নেতাদের – এবেলা

এবেলা ডেস্কঃ

তামিলনাড়ুর তিরুক্কোভিলুর এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে এক নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রীর সভায় ভিড় জমানোর জন্য দলীয় নেতৃত্বের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছিল ভিলুপুরম দক্ষিণ জেলা বিজেপি সভাপতি ধর্মরাজকে। কিন্তু সেই টাকার ভাগাভাগি ঘিরেই শুরু হয় চরম বিশৃঙ্খলা।

তদন্তে জানা গেছে, এই বিপুল পরিমাণ অর্থের ভাগ পাওয়া নিয়ে জেলা সভাপতি ধর্মরাজের সঙ্গে দলের অন্যান্য নেতাদের বিবাদ চরমে ওঠে। বচসা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়। রাজ্য সহ-সভাপতি এ.জি. সম্পতের অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বীরপান্ডি গ্রামে ধর্মরাজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুটি বিলাসবহুল গাড়ির কাঁচ ভাঙচুর করেন।

নিরাপত্তাহীনতায় ভুগে জেলা সভাপতি ধর্মরাজ দ্রুত পুলিশের দ্বারস্থ হন। তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি রাজ্য সহ-সভাপতি এ.জি. সম্পত, জেলা সহ-সভাপতি তেন্নারাসু এবং লোকনাথন নামে তিন প্রভাবশালী নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছে। জনসভার প্রস্তুতির চেয়েও দলের অন্দরের এই অর্থ-বিবাদ এবং গোষ্ঠীদ্বন্দ্ব এখন তামিলনাড়ু রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অভিযুক্ত নেতাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *