ইউনূসকে তীব্র আক্রমণ, দিল্লির মঞ্চে হাসিনার বিস্ফোরক অডিও – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লির ফরেন জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সভায় অডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে কঠোর ভাষায় আক্রমণ করলেন শেখ হাসিনা। ড. ইউনূসকে ‘ফ্যাসিস্ট’ ও ‘ক্ষমতালোভী বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, বিদেশি চক্রান্তে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বর্তমানে দেশ এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং গণতন্ত্র নির্বাসিত বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও দলীয় প্রধানের এমন বার্তা আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। বিএনপি-কেও নিশানা করে তিনি জানান, তাঁর দল মাতৃভূমিকে উদ্ধারে বদ্ধপরিকর। ৫ আগস্টের পর থেকে ভারতে আশ্রিত হাসিনার এই প্রথম কোনো সংবাদ সম্মেলনে অডিও বার্তা প্রচার রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলল।

